ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ওপর নির্যাতন চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, ইতিবাচক রাজনীতি চাইলে দমন-পীড়ন বন্ধ করতে হবে।
জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় তিনি বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, "প্রধানমন্ত্রী একদিকে বলেবেন ইতিবাচক রাজনীতির কথা। অন্যদিকে বিরোধী দলের বিরুদ্ধে নতুন মামলা দেবেন, পুরনো মামলাগুলো পুনরুজ্জীবিত করবেন, দমন নীতি চালাবেন। আবার বিরোধী দলের সহযোগিতাও চাইবেন। এটা হয় না।"
সরকারের এক বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতির উদ্দেশে ভাষণে বলেন, "আমরা গতানুগতিক রাজধানীর ধারা থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ও ইতিবাচক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করতে চাই। তাই বিরোধী দলকে সংসদে ফিরে এসে ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি।"
সংসদে ফিরতে সংসদ নেতার আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, "কেন বিরোধী দল সংসদে যাচ্ছে না, তা সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। বিরোধী দল যেন সংসদে ফিরতে পারে, সে পরিবেশ ও যথাযথ ব্যবস্থা তাকেই নিশ্চিত করতে হবে।"
প্রধানমন্ত্রীর ভাষণে জনগণ 'হতাশ' হয়েছে বলে মন্তব্য করেন দেলোয়ার।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী তার ভাষণে নানা বিষয়ে অসত্য কথা বলেছেন। তার দেওয়া সাফল্যের কথাগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। দেশের মানুষকে যদি সরকারের সাফল্যের বিচারের সুযোগ এখন দেওয়া হয়, তারা সরকারের বিরুদ্ধেই রায় দেবে।"
সরকারের এক বছরে আওয়ামী লীগ তাদের নির্বাচনী প্রতিশ্র"তি রাখতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, "তিনি (হাসিনা) যে কল্পনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন- আমরা খুশি হব তা বাস্তবায়িত হলে। কিন্তু খালি কথার মালায় স্বপ্ন দেখালে চলবে না।"
আওয়ামী লীগ নেতা-কর্মীরা দুর্নীতিগ্রস্ত- এ দাবি করে দেলোয়ার বলেন, দুর্নীতির মূল উৎপাটন করতে হলে আগে নিজের ঘর থেকে তা শুরু করতে হবে।
চারদলীয় জোট সরকারের কারণে ওয়ান-ইলেভেন সৃষ্টি হয়েছে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "তত্ত্বাবধায়ক সরকার তাদের (আওয়ামী লীগ) আন্দোলনের ফসল এ কথাটি তিনিই (শেখ হাসিনা) বলেছিলেন। জনগণ তা ভুলে যায়নি।"
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে আরো ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২৫ ঘ.
bdnews24