ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য মার্ক ফিল্ড এর নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে প্রায় ৪৫ মিনিটের এ বৈঠক হয়। এ সময় ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে বিরোধী দলীয় নেতার বাংলাদেশ ও ব্রিটেনের সংসদীয় কার্যক্রমসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান।
প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন কাউন্সিলর টিম আর্চার, মেহফুজ আহমেদ, আহমেদ হোসাইন, সাবরিনা হোসাইন, জাকির খান ও মোস্তফা সারওয়ার।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন।
ব্রিটিশ প্রতিনিধি দলটি এর আগে সকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে দেখা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/জিএনএ/২২৪৫ ঘ.
bdnews24