ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল আদালতে হাজির হওয়ার জন্য আবারো সময় পেয়েছেন।
জলিলের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ এ এন এম বশিরুল্লাহ আগামী ১৮ জানুয়ারি তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার তার হাজিরার দিন ধার্য ছিল। অসুস্থতার কারণে আব্দুল জলিল হাজির হতে পারেননি জানিয়ে তার আইনজীবী সময়ের আবেদন করেন।
গত বছরের ১৫ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার বজলুর রহমান খান আয়কর ফাঁকির এ মামলা করেন। সেদিনই জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর তিন দিন পর আব্দুল জলিল হাইকোর্ট থেকে জামিন নেন।
মামলায় বলা হয়, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত জলিল ৫৪ লাখ ৬০ হাজার টাকার আয় গোপন করেছেন। এর ওপর চার লাখ ৭ হাজার টাকার কর ফাঁকি দিয়েছেন। এনবিআরে জমা দেওয়া আয়কর বিবরণীতে তিনি তার ছেলে-মেয়ে এবং স্ত্রীর নামে বিভিন্ন সঞ্চয়ের কথা উল্লেখ করেননি।
এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামনের ধার্য তারিখে জলিলের জামিনের মেয়াদ পার হয়ে যাবে। সেদিন তার বিরুদ্ধে আবারো অভিযোগ গঠনের দিন রাখা হয়েছে। তিনি না এলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ তার অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/২০১০ ঘ.
bdnews24