ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং তিন আইনজীবীর আবেদনের ওপর চেম্বার জজও কোন আদেশ দেননি।
মঙ্গলবার চেম্বার জজ মোজাম্মেল হোসেন কোন আদেশ না দিয়ে শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন।
সামরিক সরকারকে বৈধতা দিয়ে ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২০০৫ সালের ২৯ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়।
এর আগে গত ৩ জানুয়ারি প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সরকারের আপিল আবেদন প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে।
তবে দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবীর দুটি আপিল আবেদন (লিভ টু আপিল) শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবিরের তৎকালীন হাইকোর্ট বেঞ্চ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়। সেদিনই রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি সরকার।
হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। আদালত অবশ্য ওই সময়ে জনস্বার্থে করা সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিলো।
হাইকোর্ট রায়ে বলেছিল, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সব কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্টের ওই আলোচিত রায়ের অভিমতে বলা হয়।
রায়ের বিরুদ্ধে তৎকালীন সরকার আপিল আবেদন করলেও বর্তমান সরকার ওই আবেদন প্রত্যাহারের আবেদন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএনএস/জিএনএ/২১১৯ ঘ.
bdnews24