ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির আহ্বানের পর বিএনপি আবার বলেছে, 'পরিবেশ' তৈরি হলেই তারা সংসদে ফিরবে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেন, "সাংঘর্ষিক রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি বলেই সংসদে ফিরে যেতে চাই। সংসদের পরিবেশ তৈরি হলেই আমরা সংসদে ফিরে যাবো।"
সোমবার সংসদে চতুর্থ অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধান বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহবান জানান।
বিএনপি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পর আর যোগ দেয়নি।
ফখরুল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেন, "সংসদে বিরোধী দলকে নিয়ে অপপ্রচার ও কটাক্ষ করা হয়। সেখানে যাওয়ার পরিবেশ সরকারি দলকেই তৈরি করতে হবে।"
বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সংসদে ফিরে যাওয়ার পূর্বশর্ত হিসেবে সোমবার ১০ দফা দাবি দেন।
এ সব দাবির মধ্যে আছে, খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত বাতিল ও তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের মামলা প্রত্যাহার, বিরোধী দলীয় নেতার নিরাপত্তা ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24