২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ছাত্রদলের সভায় ছাত্রলীগের হামলার অভিযোগ

ছাত্রলীগের হামলায় বাগেরহাটের কচুয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা হয়েছে কচুয়া উপজেলা জামায়াতের কার্যালয়েও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 08:13 AM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের হামলায় বাগেরহাটের কচুয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা হয়েছে কচুয়া উপজেলা জামায়াতের কার্যালয়েও। কচুয়া উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সাইনবোর্ড বাজারে সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সভা আহ্বান করে উপজেলা ছাত্রদল। ছাত্রলীগকর্মীরা সকাল সাড়ে ১১টার দিকে হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয় বলে অভিযোগ করেছেন বিএনপি ও ছাত্রদল নেতারা। জামায়াত নেতারা অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগকর্মীরা লাঠিসোঁটা নিয়ে কচুয়া উপজেলার মঘিয়া গ্রামে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলা চালায়। ওই সময় সেখানে কচুয়া উপজেলা জামায়াতের নতুন আমির মাওলানা আলতাফ হোসাইনের শপথ অনুষ্ঠান চলছিল। কচুয়া থানার ওসি খায়রুল আনাম জামায়তে ইসলামীর কার্যালয়ে হামলার ঘটনা স্বীকার করলেও সাইনবোর্ড বাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কোনো হামলা হয়নি বলে দাবি করেছেন। হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতারাও। সাইনবোর্ড বাজারে ছাত্রদলের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুষ্ঠান শুরুর কিছু সময়ের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী হামলা চালায়। তারা মঞ্চ ভাংচুর করে এবং বাজারে এক বিএনপি নেতার 'স' মিল (কাঠ চেরাই কল) ভাংচুর করে।" তিনি জানান, হামলায় বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মীর সাজ্জাদ হোসেন, বাধাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম মোল্ল্যা, কচুয়ার ছাত্রদলকর্মী অনন্ত, মোস্তাফিজ, নয়ন ও রুবেল আহত হন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শপথ অনুষ্ঠানে হঠাৎ করেই ছাত্রলীগকর্মীরা হামলা চালায়। তারা কার্যালয়ের আসবাবসহ ও একটি মোটর সাইকেল ভাংচুর করে।" তিনি জানান, হামলায় কচুয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর রোকন নুরুল ইসলাম খান, জামায়াত নেতা মোহম্মদ মোস্তফা আহত হয়েছেন। এর মধ্যে শহিদুলের মাথা ফেটে যায়। হামলার অভিযোগ অস্বীকার করে কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুজন দিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের ঘটনাকে তারা (জামায়াত ও ছাত্রদল) আমাদের ওপর চাপাতে চাইছে।" জামায়াতের কার্যালয়ে হামলার বিষয়ে ওসি বলেন, "জামায়াত অফিসে পাঁচ-ছয়জন লোক বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।" তবে 'বিশৃঙ্খলা'কারীদের দলীয় পরিচয় নিশ্চিত করেননি ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.