ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদে এসে তাদের দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, "রাজপথে কথা না বলে সংসদের ভেতরে এসে তারা (বিএনপি) দাবিগুলো বললে তা মেনে নেওয়া সহজ হবে। সংসদের বাইরে কথা বললে আমার পক্ষে সে বিষয়ে কিছু করা কার্যপ্রণালী বিধির আওতার বাইরে থেকে যায়।"
তাই প্রধান বিরোধী দলকে অবিলম্বে সংসদে ফিরে আসার আহ্বান জানাচ্ছি, বলেন তিনি।
সংসদের শীতকালীন অধিবেশন সোমবার শুরু হচ্ছে। সামনের সারিতে আসন সংখ্যা বৃদ্ধি, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির ইজারা বাতিল প্রত্যাহার, তারেক রহমানসহ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ বেশ কিছু দাবিতে নবম সংসদের প্রথম অধিবেশনের পর থেকেই বিএনপি সংসদ বর্জন করে আসছে।
গত সপ্তাহে স্পিকার সামনের সারিতে আরো একটি আসন দেওয়ার প্রস্তাব দেন। তবে ওই প্রস্তাব নাকচ করে বিএনপি জানায়, তাদের সংসদে ফেরাতে সামনের সারিতে একটি আসন বাড়ানোই যথেষ্ট নয়।
স্পিকার বলেন, "আমার প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক কোনো জবাব পাইনি। তবে গণমাধ্যমে তাদের (বিএনপি) বক্তব্য শুনেছি।"
বিএনপি সংসদের 'পরিবেশ' সৃষ্টির যে দাবি জানিয়ে আসছে, তার পরিপ্রেক্ষিতে আবদুল হামিদ বলেন, ২০০৯ এর চেয়ে ২০১০ সালে জাতীয় সংসদের পরিবেশ আরো সুন্দর হবে বলে তিনি আশা করছেন।
স্পিকার শুক্রবার সকালে শিশু একাডেমিতে শিশু সংগঠন খেলাঘরের ৫০০তম সাহিত্য আসরের উদ্বোধন করেন।
পশ্চিমবঙ্গের কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকারকে অভ্যর্থনা জানান খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম ও সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএম/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24