গোপালগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সোমবার আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশের এক উপ-পরিদর্শকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
স্থানীয় গোহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রভাব বিস্তার নিয়ে উত্তর গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শর্টগানের ৭ রাউন্ড গুলি ছোঁড়ে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন ওরফে লিটন বয়াতীসহ আড়াইশ ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেছে। সংঘর্ষে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
সংঘর্ষে আহত পুলিশের উপ-পরিদর্শক রমেশ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাদত হোসেন ওরফে লিটন বয়াতীর সঙ্গে চেয়ারম্যান প্রার্থী প্রবাসী আওয়ামী লীগ নেতা শফিকুল আলম মোল্লার বিরোধ চলছিলো। সোমবার সকালে দু'পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয়। পরে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০০১৫ঘ.
bdnews24