বরগুনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বামনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ ও তার ভাই উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে একটি জমি দখল এবং তিনটি পরিবারের ঘর ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে পুরাতন বামনা গ্রামের কাঞ্চন আলীর বাড়ি দখল করে সেখানে বসবাসকারী তিনটি পরিবারের বসত ঘর ভেঙে দেওয়া হয়।
গৃহহীন ওই পরিবারের সদস্যরা বর্তমানে কলাগাছিয়া ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
কাঞ্চন আলীর ছেলে বামনা হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের সঙ্গে একটি ওয়াকফ ষ্টেটের জমি নিয়ে তাদের বিরোধ চলছে। গত আট বছর ধরে জমিটি নিয়ে মামলা চলছে।
জসিম উদ্দিন অভিযোগ করেন, ওই জমি থেকে বাড়ি ভেঙে নিয়ে চলে যাওয়ার জন্য রোববার সন্ধ্যায় স্থানীয় লঞ্চঘাটে বামনা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান নিজামের নেতৃত্বে তাকে মারধর করা হয়। এ সময় তার আহাজারী শুনে পানি খাওয়াতে আসলে ফিরোজ পহলান নামে আরও একজন মারধরের শিকার হন।
জসিম বলেন, "সোমবার দুপুরে হারুন ও নিজামের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাবা কাঞ্চন আলী, চাচাতো ভাই মনির হোসেন ও হাবিবুর রহমানের তিনটি টিনের ঘর ভেঙে নিয়ে যায়। ভয়ে আমাদের পরিবারের সব সদস্য বাড়ি ছেড়ে চলে আসে।"
ঘর ভেঙে নেওয়ার খবর পেয়ে অভিযোগ জানাতে গেলে থানার ফটকের সামনে হারুন অর রশিদ তাকে আবার মারধর করে বলেও জানান জসিম।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ বিরোধপূর্ণ ওই জমি থেকে ঘর সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, "আমাদের জমি দখল করে কাঞ্চন আলীর পরিবার দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছিল। এ নিয়ে মামলা করেও তারা হেরে গেছে এবং সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর মামলাটি তারা প্রত্যাহার করে নিয়েছে।"
তবে জসিমউদ্দিন মামলা প্রত্যাহারের কথা অস্বীকার করে বলেন, "মামলাটি সংশোধনের জন্য আবেদন করা হয়েছে।"
আহত জসিমকে রোববার পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জানিয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বলেন, "তারা মামলা না করায় পুলিশ নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। এছাড়া সোমবার ওই জমি থেকে বসতঘর সরিয়ে নেওয়ার খবর লোকমুখে শুনেছি। কিন্তু কেউ লিখিত অভিযোগ দেয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২৫০ ঘ.
bdnews24