ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকারি দলের কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করে দেশবাসীসহ সকলের নিরাপত্তা দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) রোববার সংঘটিত ঘটনার তদন্ত দাবি করে দেওয়া বিবৃতিতে খালেদা জিয়া বলেন, " বর্তমানে সরকারি দল ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীদের দৌরাত্ম্যে লোকালয়, অফিস-আদালত, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গনসহ সবখানে আতঙ্ক বিরাজ করছে।
"কোথাও কোনও নিরাপত্তা নেই। আমি সরকারের কাছে দেশবাসীসহ সকলের নিরাপত্তা দাবি করছি।''
রোববার ডিসিসি'র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আবদুল কাদিরকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দেয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক আজিজ। এ নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
খালেদা জিয়া তার বিবৃতিতে অভিযোগ করে বলেন, ''ডিসিসিতে রোববার সরকারি দলের সমর্থক একজন প্রকৌশলী সেখানে ডেপুটেশনে কর্মরত সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের যে হুমকি দিয়েছেন, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।"
তিনি আরও বলেন, "অভিযুক্ত প্রকৌশলী নিজেই একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে সদম্ভে বলেছেন তিনি সরকারি দল করেন। এ দম্ভোক্তি থেকেই তার দুঃসাহসের উৎস এবং সদলবলে প্রকাশ্যে এতো বড় ঘটনা ঘটানোর পরও গ্রেপ্তার না হবার কারণ সর্ম্পকে পরিস্কার বোঝা যায়।''
ঘটনার নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, ''একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীর বহাল তবিয়তে থাকার ঘটনায় প্রমাণ হলো- এদের হাতে সাধারণ মানুষ আরও কতো বেশি অসহায়। এর আগেও ঢাকায় কর্মরত বিদেশী কূটনীতিকরা পর্যন্ত তাদের নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সরকারকে চিঠি দিয়েছেন।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৯৫৪ ঘ.
bdnews24