ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় পৃথক পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন। এ ছাড়া আহত গাবতলী উপজেলা যুবলীগ নেতা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মহানগরীতে জবাই করে হত্যা করা হয়েছে এক ব্যক্তিকে।
রোববার রাত ও সোমবার সকালে এসব ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া ও রাজশাহী প্রতিনিধির পাঠানো খবর:
বগুড়া: জেলার শাজাহানপুর ও ধুনট পৃথক পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন। আহত হয়েছেন চারজন।
এরা হলেন- শাজাহানপুর উপজেলার কাটাবাড়ি এলাকার নজরুল ইসলাম (২৫), শেরপুরের সুঘাট এলাকার সোবহান (৪৫)।
এছাড়া বুধবার বিবাদ মেটাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত গাবতলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন (৩৫) সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ জানায়, সোমবার সকাল ১১টায় শাজাহানপুর উপজেলার কাটাবাড়ি এলাকায় জমি নিয়ে সংর্ঘষে মালিপাড়ার আলিমুদ্দিনের ছেলে নজরুল প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান।
এ সময় অলিমুদ্দিন (৫০) ও তার আরেক ছেলে উপজেলা বিএনপি'র সাংগাঠনিক সম্পাদক আতিকুর রহমান আহত হন। আবু সাইদ (৩০) নামে প্রতিপক্ষের এক ব্যক্তিও আহত হয়েছেন।
শাজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, আতিকুর রহমানের সঙ্গে জমি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম মন্টুর সঙ্গে বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়েছে।
ধুনট উপজেলার হিজলি প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার দিবাগত রাত ৩টায় শ্বাসরোধ করে হত্যা করা হয় শেরপুর উপজেলার সুঘাট এলাকার সোবহানকে (৪৫)।
শেরপুর থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় সোবহানের ছেলে শাহীন শেখ বাদী হয়ে মামলা করেছেন।
অন্যদিকে গত বুধবার গাবতলী উপজেলার চককাতুলি গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মামুন সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন জেলা যুবলীগ সভাপতি মঞ্জুরুল আলম মোহন।
তিনি জানান, বিবাদ মেটাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মামুন আহত হয়েছিলেন।
রাজশাহী: রোববার রাতে নগরীর দড়িখরবোনা এলাকায় দুলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের বাড়ি নগরীর কাদিরগঞ্জ এলাকায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, রোববার রাত নয়টার দিকে দড়িখরবনা দিয়ে বাড়ি ফেরার পথে কেয়া বিউটি পার্লালের সামনে দুর্বৃত্তরা তার গতিরোধ করে গলির মধ্যে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুলালের মৃত্যু হয়।
বোয়ালিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আজাদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ রাতেই দড়িখরবোনা এলাকার সম্রাট নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৩ ঘ.
bdnews24