ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল জলিলের বক্তব্যের নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "দলের সভানেত্রী শেখ হাসিনাকে আপসকামী বলে তার মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে। আমি এর নিন্দা জানাই।"
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
গত বুধবার যুক্তরাজ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জলিলের মন্তব্য নিয়ে দলে তোলপাড় চলছে। এজন্য বার্মিংহামে স্থানীয় যুবলীগ কর্মীদের হাতে জলিল লাঞ্ছিতও হন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নওগাঁর সাংসদ জলিলের অভিযোগ, বর্তমান মন্ত্রিসভার ৯০ শতাংশই 'সংস্কারপন্থী'।
জানুয়ারিতে সরকার গঠনের সময় জলিলসহ আওয়ামী লীগের আগের মন্ত্রিসভার বেশ কয়েকজন প্রভাবশালী সদস্যকে মন্ত্রিসভায় স্থান দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে দলের নতুন কমিটিতেও উপেক্ষিত হন তারা। জলিল ছাড়াও আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তকে কার্যনির্বাহী সংসদে না রেখে তাদের রাখা হয় উপদেষ্টা পরিষদে।
জলিল ওই সাক্ষাৎকারে আরও বলেন, দলের কার্যনির্বাহী সংসদে তাকেসহ অপর কয়েকজন নেতাকে না রেখে দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাদের প্রতি 'অন্যায়' করেছেন।
আশরাফ বলেন, "কে বেঈমানী করেছে আর কে করেনি, সে খবর দলের সভানেত্রী শেখ হাসিনা জানতেন। '৭৫ এ আওয়ামী লীগে যে বিশ্বাসের সংকট হয়, তা ২০০৭ সালেও হয়েছিল। এরমধ্যেও আমাদের অনেকে কঠোর পরিশ্রম করে রাজপথে থেকে শেখ হাসিনার মুক্তির জন্য দৃঢ় ভূমিকা রেখেছেন। শেখ হাসিনা মুক্ত না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতো না।"
জলিল আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি আনুগত্যের কথা স্বীকার করলেও শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সমালোচনা করেন।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের 'সমঝোতা' হয়েছিল বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইঙ্গিত দেন তিনি।
আলোচনা সভায় সৈয়দ আশরাফ বলেন, "বঙ্গবন্ধু কন্যা ক্ষমতার জন্য আপোস করতে পারেন- এটা ভাবার কোনও কারণ নেই। যারা এধরনের কথা বলছে তারা শেখ হাসিনাকে খাটো করতে চায়। উনি (শেখ হাসিনা) আপস করলে আওয়ামী লীগ অনেক আগেই ক্ষমতায় যেতে পারতো। শেখ হাসিনা অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতেন।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "কারাগারে বন্দী থাকা অবস্থায় আমি তাকে (শেখ হাসিনা) বিষ প্রয়োগ করে হত্যার কথা জানালাম। এরপর, তিনি সেখানে চিড়া, মুড়ি আর কলা ছাড়া কিছুই খেতেন না। সাহারা (স্বারাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন) এসে একদিন অঝোরে কাঁদতে কাঁদতে আমাকে বললো, জ্বরে ওনার (শেখ হাসিনা) চোখ ফুলে গেছে। স্লো-পয়জনিংয়ে ওনার ছোখের ক্ষতি হয়েছিল।"
জলিল ২০০২ সালের ডিসেম্বরে দলের ১৯-তম কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে গত আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে জলিলকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ২ মার্চ প্যারোলে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। ছয় মাস পর ৩১ আগস্ট দেশে ফেরেন জলিল।
এরপর অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ২০ অক্টোবর হাইকোর্ট জলিলকে জামিন দেয়।
জামিন পাওয়ার পর আদালত চত্বরে বসেই জলিল সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালনের ঘোষণা দিলে এ নিয়ে দলের নীতি-নির্ধারকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কারণ, গ্রেপ্তার অবস্থায় নিজের স্বাক্ষর করা এক চিঠিতে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জলিল। তখন দলে গণতন্ত্র নেই- অভিযোগ করে এর জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকেও দায়ী করেন তিনি।
কারামুক্তির পর জলিল ওই চিঠির সব বক্তব্য অস্বীকার করেন। এরপর থেকে তাকে দলের পদে রাখা হলেও দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি।
এমনকি কাউন্সিলের কোনও কাজে তাকে যুক্ত করা হয়নি। ওই ক্ষোভ থেকে গত জুলাইয়ে পদত্যাগ করেন জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৬৪০ ঘ.
bdnews24