২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটা সরকারের সংকীর্র্ণ মানসিকতার বহিঃপ্রকাশ : দেলোয়ার

ঈদের দিন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাসভবনে তার আত্মীয়-স্বজনসহ অতিথিদের ঢুকতে না দেওয়াকে 'সরকারের সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 09:57 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাসভবনে তার আত্মীয়-স্বজনসহ অতিথিদের ঢুকতে না দেওয়াকে 'সরকারের সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার এক বিবৃতিতে তিনি এর নিন্দা ও ক্ষোভ জানিয়ে আরও অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার হীন প্রচেষ্টার অংশ হিসেবেই এটা করা হয়েছে। এতে দেলোয়ার বলেন, "ঈদের দিন বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় উৎসবের একটি অংশ ও প্রধান ঐতিহ্য। এমন একটি দিনে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতার বাসভবনে কাউকে ঢুকতে না দেওয়ার ঘটনা ন্যক্কারজনক। তিনি আরও বলেন, "এ ঘটনায় বর্তমান সরকারের সংকীর্ণ মানসিকতা বহিঃপ্রকাশ ঘটেছে। ''সরকারের এই আচরণ দুঃখজনক ও গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থি। এটা প্রমাণ করলো, অগণতান্ত্রিক শক্তি আওয়ামী লীগের চরিত্র বদল হয়নি। ধর্মীয় উৎসবেও তাদের রাজনৈতিক প্রতিহিংসার থাবা থেকে কেউ রেহাই পায় না।'' বিএনপি নেতারা অভিযোগ করেন, ঈদের দিন সোমবার বিকেলে প্রায় ৫০ জন অবসরপ্রাপ্ত সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ ব্যবসায়ীসহ নানা পেশার ব্যক্তি ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তাদের ঢুকতে দেওয়া হয় নি। বাসার প্রবেশমুখ থেকে তাদের নিরাপত্তা সংস্থার সদস্যরা ফিরিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৫৩৯ ঘ.