ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুবাইয়ে দেড় ঘন্টার যাত্রাবিরতির পর মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে আটটায় প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর কথা ।
সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১ টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে তারা এমিরেটস্ এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে করে ঢাকা ছাড়েন।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান ও উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে প্রথম ১০টি দেশের সরকার প্রধানের সম্মানে ওবামা এই অনুষ্ঠানের আয়োজন করছেন।
বাংলাদেশ সৈন্যসংখ্যার হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখছে।
ওই দিন সন্ধ্যায় বারাক ওবামা ও মিশেল ওবামার দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি এখন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন মন্ত্রীপরিষদ সচিব এম আব্দুল আজিজ, পররাষ্ট্র সচিব মোহাম্মেদ মিজারুল কায়েস, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংসদ নাসরুল হামিদ বিপু, কলামিস্ট মুস্তাফা নুরুল ইসলামসহ ২৩ সদস্যের প্রতিনিধিদল।
২৪ সেপ্টেম্বর নারী সরকার ও রাষ্ট্র প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রীদের সম্মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন শেখ হাসিনা। ২৫ সেপ্টেম্বর শ্রীলংকার প্রধানমন্ত্রী, কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল, কেনিয়ার প্রধানমন্ত্রী এবং ওআইসি'র সেক্রেটারি জেনারেলের সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। ওয়াশিংটন হয়ে ১ অক্টোবর সকালে দেশে ফিরবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/১১০৩ ঘ.
bdnews24