২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাতিল আবেদনের শুনানি শুরু

জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিম খানা) দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়া ও তারেক রহমানের আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. রেজাউল হাসানের অবকাশকালীন বেঞ্চে শুনানি বুধবার শুরু হয়। বৃহস্পতিবার আবার শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিম খানা) দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়া ও তারেক রহমানের আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. রেজাউল হাসানের অবকাশকালীন বেঞ্চে শুনানি বুধবার শুরু হয়। বৃহস্পতিবার আবার শুনানি হবে। শুনানিতে আবেদনকারীদের কৌঁসুলি ব্যারিস্টার রফিক-উল-হক বলেন, "জিয়া অরফানেজ ট্রাস্ট একটি বেসরকারি সংস্থা। এর কার্যক্রমের বিষয়ে হস্তক্ষেপ করার কর্তৃত্ব দুর্নীতি দমন কমিশনের নেই। তাছাড়া আবেদনকারীরা কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। তাই তাদের বিরুদ্ধে দায়ের করা এ মামলা খারিজযোগ্য।" এর জবাবে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "এ মামলায় আনা অভিযোগ সত্য বা মিথ্যা তা বিচারিক আদালতে প্রমাণের বিষয়। এ অবস্থায় মামলার কার্যক্রম বাতিলের আবেদন অচল।" মামলাটি বাতিলের জন্য মঙ্গলবার খালেদা এবং তার ছেলে তারেকের পক্ষে হাইকোর্টে দু'টি পৃথক আবেদন দায়ের করা হয়। মামলা বাতিলের আবেদনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অনুমোদন ছাড়াই এর উপপরিচালক মামলাটি দায়ের করেছে। দুদকের অনুমোদন ছাড়াই তিনি এ মামলায় অভিযোগপত্রও দিয়েছেন। এছাড়া মামলা দায়েরের ৩৯২ দিন পর অভিযোগপত্র দেওয়া হয়েছে। দুদক আইন অনুযায়ী, মামলা দায়েরের ৬০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হয়নি। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুন অর রশিদ। গত ৫ আগস্ট খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের ভাগ্নে মোমিনুর রহমান, সাবেক সাংসদ কাজী সলিমুল হক কামাল, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী ও সরফুদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ৭ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আদালত আগামী ২৫ অক্টোবর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। এছাড়া কামালউদ্দিন সিদ্দিকী ও মোমিনুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে ওই আদালত। গত বছরের ২৬ আগস্ট খালেদাকে এ মামলায় অন্তর্র্বতীকালীন জামিন দেয় হাইকোর্ট। গত ২ আগস্ট এ মামলায় তার জামিন বহাল রাখে সুপ্রিম কোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৮৫৫ ঘ.