ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরেক দফা বাড়ানো হলো।
আরাফাতের আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মুক্তির মেয়াদ এক মাস বাড়িয়েছে। ২০০৮ সালের ১৭ আগস্ট মুক্তি পাওয়ার পর কয়েক দফায় এ মেয়াদ বাড়ানো হয়।
গত সোমবার আরাফাতের মুক্তির বর্ধিত মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই মন্ত্রণালয়ের এক পরিপত্রে মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়।
আরাফাত বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে প্যারাম-৯ হাসপাতালে চিকিৎসাধীন। তার পক্ষে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন।
জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদার সঙ্গে ছেলে আরাফাতকেও গ্রেপ্তার করা হয়। আরাফাতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।
আরাফাতের বড় ভাই তারেক রহমানও বিভিন্ন মামলায় জামিনে ছাড়া পেয়ে চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24