২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনু মুহাম্মদের ওপর হামলার বিচার চেয়ে খোলাচিঠি

তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের ওপর 'পুলিশী হামলার' বিচারের দাবিতে রোববার ২৪ জন বিশিষ্ট নাগরিক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক বরাবর গণমাধ্যমে একটি খোলা চিঠি পাঠিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 05:22 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের ওপর 'পুলিশী হামলার' বিচারের দাবিতে রোববার ২৪ জন বিশিষ্ট নাগরিক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক বরাবর গণমাধ্যমে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। আবেদনটির একটি অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরও পাঠিয়েছেন তারা। গত ২ সেপ্টেম্বর কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের অ্যাকশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদসহ কমপক্ষে ২৩ জন আহত হন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক আনু মুহাম্মদকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ হামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেও ঘটনার ১২ দিন পরও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়ার তথ্য জনসমক্ষে নেই। স্মারকলিপিতে দোষী পুলিশদের চিহ্নিত করে সাময়িক বরখাস্ত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আনু মুহাম্মদসহ আহতদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়। মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন, নিজেরা করি'র খুশী কবির, কর্মজীবী নারীর শিরিন আখতার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ হাশেমি, মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ফস্টিনা পেরেইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, দৃক এর ব্যবস্থাপনা পরিচালক আলোকচিত্রী শহীদুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মানস চৌধুরী, সাইদ ফেরদৌস ও মির্জা তাসলিমা সুলতানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাদাফ নূর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা খাতুন ও নাসরিন খন্দকার, মানবাধিকার কর্মী দৃষ্টিপাত এর আসিফ সালেহ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী হানা শামস, মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, তথ্যচিত্র নির্মাতা শফিউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী কবি শামীম আজাদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ওয়াসফিয়া নাজরীন, জাগরী'র সহ-প্রতিষ্ঠাতা মৃদুল চৌধুরী, গবেষক সৈয়দা গুলরুখ এবংনারী পক্ষের শিরিন হকের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মেঘনা গুহঠাকুরতা এ খোলাচিঠি পাঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এজে/এসকে/২৩৪১ঘ.