ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার সৌদি আরবের মদিনাতে ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মাজার জিয়ারত করেছেন।
রোববার তার সফরসঙ্গী ও প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওমরাহ পালন শেষে বিরোধী দলীয় নেতা মদিনাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেছেন। এখন তিনি মদিনাতে অবস্থান করছেন।"
তিনি জানান, বেগম জিয়া মসজিদে নব্বীতে নফল নামাজসহ ইবাদত-বন্দেগী করেছেন। তিনি দেশের সমৃদ্ধি ও জনগণের কল্যাণের জন্য দোয়া করেছেন। মদিনা থেকে তার সোমবার জেদ্দায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
শনিবার গভীর রাতে খালেদা জিয়া বিমানে মদিনাতে যান। তার আগে তিনি শনিবার মক্কায় ওমরাহ পালন করেন।
গত শুক্রবার মধ্যরাতে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খালেদা জিয়া জেদ্দা পৌঁছান।
বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে বিরোধী দলীয় নেতা সৌদি আরবে ওমরাহ পালন করতে যান।
২০০৭ সালে দেশে জরুরি অবস্থায় গ্রেপ্তার ও কারামুক্তির পর এটাই খালেদা জিয়ার প্রথম বিদেশ সফর। সর্বশেষ ২০০৬ সালে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২১০৬ ঘ.
bdnews24