২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে 'নৈতিক' সমর্থন বিএনপির

তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালে বিএনপির নৈতিক সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি অভিযোগ করেছেন, বিরোধী দলকে সংসদে ফেরাতে সরকারি দল আন্তরিক নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 07:51 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালে বিএনপির নৈতিক সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি অভিযোগ করেছেন, বিরোধী দলকে সংসদে ফেরাতে সরকারি দল আন্তরিক নয়। শুক্রবার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানানোর পর খোন্দকার দেলোয়ার সোমবারের অর্ধদিবস হরতালে বিএনপির 'নৈতিক' সমর্থনের কথা সাংবাদিকদের জানান। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আগামী সোমবার রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়। দেলোয়ার বলেন, "বিএনপি জাতীয় স্বার্থবিরোধী যে কোনও চুক্তির বিরুদ্ধে। দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে যে কোনও কর্মসূচি দেওয়া হলে তাতে আমাদের নৈতিক সমর্থন থাকবে। কারণ বিএনপি দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী রাজনীতি করে।" বিএনপিকে সংসদে ফিরতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের পরিপ্রেক্ষিতে দেলোয়ার বলেন, "আমরা সংসদে যেতে চাই- এটা সবসময় বলে আসছি। কিন্তু সরকারি দল সংসদের পরিবেশ নষ্ট করেছে। সংসদে ফিরে আসুন- এখন এ কথা বললেই তো হবে না। আমাদের যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে।" সংসদের সামনের সারিতে আসন নিয়ে দ্বন্দ্বের প্রেক্ষাপটে প্রথম অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে বিএনপি। শেখ হাসিনা বৃহস্পতিবার সেনাকুঞ্জে ইফতার মাহফিলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদে ফিরে আসার আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, "আমরা সংসদকে কার্যকর দেখতে চাই। সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সরকার আমাদের সমর্থন নিতে চায় না।" ওমরাহ পালনে খালেদা জিয়া সকালে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তাকে বিদায় জানানোর পর মহাসচিবের নেতৃত্বে বিএনপি নেতারা শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেন। ওই সময় মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, সেলিম রেজা হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, "সরকার রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে দ্বৈতনীতি অনুসরণ করছে। এটা দুর্ভাগ্যজনক। আমাদের দাবি, যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের নেতাদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। সেভাবে অবিলম্বে খালেদা জিয়া, তারেক রহমানসহ সব বিএনপি নেতার বিরুদ্ধে করা রাজনৈতিক সব মামলাও প্রত্যাহার করতে হবে।" সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তারের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া জামিনে মুক্তি পান। বিএনপি দিনটি খালেদা জিয়ার কারমুক্তি দিবস হিসেবে পালন করছে। এজন্য কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনাও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০০ ঘ.