ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
জরুরি অবস্থায় গ্রেপ্তার ও কারামুক্তির পর এটাই তার প্রথম বিদেশ সফর। সর্বশেষ ২০০৬ সালে তিনি ওমরাহ পালনেই সৌদি আরব গিয়েছিলেন।
বিএনপি চেয়ারপারসন শুক্রবার সকাল সাড়ে ১১টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে রওনা হন।
শুক্রবার বিমানে ওঠার আগে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে তিনি (খালেদা) ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন। সেখানে তিনি রাজকীয় অতিথি হিসেবে থাকবেন।"
খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানিয়ে মারুফ বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর খালেদা দেশে ফিরবেন।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জামিনে মুক্তি পান। বিএনপি নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।
মারুফ কামাল বলেন, "দেশি-বিদেশি ষড়যন্ত্রে তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছিল। মিথ্যা ও সাজানো মামলা দিয়েছিলো। কেবল তাই নয়, ওই সময়ে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু তিনি নতি স্বীকার করেননি।"
বিমান বন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, নীলুফার চৌধুরী মনি প্রমুখ।
খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ছোট ভাই শামীম এস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তাদের দুই মেয়ে জাসিয়া রহমান ও জাহিয়া রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান, ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৫০ ঘ.
bdnews24