২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরশেষে দীপু মনি ফিরেছেন

ভারত সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিমানবন্দরের অভিবাসন শাখার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়াদিল্লি থেকে জিএমজি এয়ারওয়েজের এক ফ্লাইটে করে রাত দশটার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন পররাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিমানবন্দরের অভিবাসন শাখার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়াদিল্লি থেকে জিএমজি এয়ারওয়েজের এক ফ্লাইটে করে রাত দশটার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী ব্যক্তিগত সচিব মকসুদ খান জানিয়েছেন, জেট এয়ার ওয়েজের কর্মীদের ধর্মঘটের কারণে তিনি কলকাতা হয়ে জিএমজি বিমানে দেশে ফিরেছেন। দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে ভারতের নেতাদের সঙ্গে আলোচনা করতে গত ৭ সেপ্টেম্বর নয়াদিল্লি যান দীপু মনি। সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, অর্থমন্ত্রী প্রণব মুখার্জী ও পানি সম্পদ মন্ত্রী পবন কুমার বানসালের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে বৃহস্পতিবার দুই দেশ এক যৌথ বিবৃতি দিয়েছে। এতে জানানো হয়েছে, নেপাল ও ভুটানে প্রবেশে বাংলাদেশকে স্থল পথ ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে ভারত। এর বিপরীতে আশুগঞ্জ বন্দর থেকে পণ্য পরিবহনে ভারতকে সুবিধা দেবে বাংলাদেশ। বিবৃতিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ নিয়ন্ত্রণে সহযোগিতা এবং সাজাপ্রাপ্ত অপরাধীদের হস্তান্তরেও দুই দেশ সম্মত হয়েছে। ভারত 'অগ্রাধিকার ভিত্তিতে' বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতেও রাজি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। তবে তার আগে দুই দেশের মধ্যে যৌথ পাওয়ার গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা নিয়ে একটি জরিপ করা হবে। দীপু মনির সফরে চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়া নিয়েও আলোচনা হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী ডিসেম্বর মাসের কোনও এক সময়ে ভারত সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার ওই সফরের আগে দেশটি সফর করলেন পররাষ্ট্র মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এজে/এমআই/২২১৫ঘ.