ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সেনাকুঞ্জে এক টেবিলে বসে ইফতার করার আগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর সম্মানে সশস্ত্র বাহিনীর ইফতার পার্টিতে মুখোমুখি হন তারা। পরে দেশের শীর্ষ দু'নেত্রী এক টেবিলে বসে ইফতার করেন।
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইফতার পার্টিতে খালেদা জিয়াই প্রথম কথা বলেছেন।"
তিনি জানান, প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে কুশল বিনিময় করার সময় খালেদা জিয়ার সামনে গেলে তিনি দাঁড়িয়ে যান।
খালেদা এ সময় প্রধানমন্ত্রীকে বলেন, কেমন আছেন? জবাবে হাসিনা বলেন, ভালো, আপনি কেমন আছেন?
খালেদা জবাব দেন, ভালো আছি।
এরপর হাসিনা তাকে বলেন, আপনারা সংসদে চলে আসুন।
খালেদা পাল্টা-জবাব দিয়ে বলেন, কীভাবে যাবো? স্পিকারই তো বুধবার বলেছেন, সংসদে অনেক লাঠি ঢুকে গেছে।
এরপর বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা সব সময়ই সরকারকে সহযোগিতা করার কথা বলে আসছি। আপনারাই আমাদের সহযোগিতার আহবান প্রত্যাখান করছেন।
ইফতারে উপস্থিত আওয়ামী লীগের এক নেতা জানান, এ সময় প্রধানমন্ত্রীর পাশে থাকা স্পিকার আবদুল হামিদকে বলেন, ওনাকে (খালেদা জিয়া) বোঝান। উনি যেন সংসদে আসেন।
ইফতার শেষে রাত সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জ ত্যাগ করেন। খালেদা জিয়া সেখান থেকে যান সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে।
অধিবেশন কক্ষের আসন বিন্যাস নিয়ে ক্ষমতাসীন জোটের সঙ্গে বিবাদ নিয়ে প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস গত ২৮ জানুয়ারি থেকেই সংসদ বর্জন শুরু করে বিএনপি। সংসদের দ্বিতীয় অধিবেশনে সামনের সারিতে 'সম্মানজনক' আসন পাওয়ার বিষয়ে স্পিকারের আশ্বাসের পর গত ২৩ ফেব্র"য়ারি সংসদে ফিরে যান বিএনপির সাংসদরা।
তবে 'সম্মানজনক' আসন না পেয়ে বিরোধী দল ফের সংসদ অধিবেশনে যাওয়া থেকে বিরত থাকে। সংসদের চলতি তৃতীয় অধিবেশনেও এখন পর্যন্ত যায়নি তারা।
কারামুক্তির পর তৃতীয় দফায় বৃহস্পতিবার মুখোমুখি কুশল বিনিময় করেন দু' নেত্রী।
এর আগে তারা এই সেনাকুঞ্জেই গত বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর তাকে সান্ত্বনা দিতে গত ৯ মে রাতে তার ধানমণ্ডির বাসভবন সুধাসদনে যান খালেদা।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু' নেত্রীকেই গ্রেপ্তার করা হয়।
সেনাকুঞ্জে শেখ হাসিনাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। মঞ্চে শেখ হাসিনার বাম পাশে বসা ছিলেন সেনা বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, স্পিকার ও বিরোধীদলীয় নেতা। প্রধানমন্ত্রীর ডান দিকে বসা ছিলেন নৌ-বাহিনী প্রধান।
মঞ্চে আরও ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও মন্ত্রিপরিষদ সদস্যরা।
ইফতারে দেশ-জাতি ও সশস্ত্র বাহিনীর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌ-বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, চারদলীয় জোট সরকারের সময় পাঁঁচ বছর সশস্ত্র বাহিনীর ইফতারে বিরোধীদলীয় নেতা হিসেবে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এসএইচ/২১১৯ ঘ.
bdnews24