২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক টেবিলে হাসিনা-খালেদার ইফতার

দেশের শীর্ষ দু'নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বৃহস্পতিবার এক টেবিলে বসে ইফতার করেছেন। কারামুক্তির পর তৃতীয় দফায় বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর ইফতার পার্টিতে দু' নেত্রী মুখোমুখি কুশল বিনিময় করেন। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শীর্ষ দু'নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বৃহস্পতিবার এক টেবিলে বসে ইফতার করেছেন। কারামুক্তির পর তৃতীয় দফায় বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর ইফতার পার্টিতে দু' নেত্রী মুখোমুখি কুশল বিনিময় করেন। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। এর আগে তারা এই সেনাকুঞ্জেই গত বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর শেখ হাসিনাকে সান্ত্বনা দিতে গত ৯ মে রাতে তার ধানমণ্ডির বাসভবন সুধাসদনে যান খালেদা জিয়া। সেনাকুঞ্জের ইফতারে প্রথম উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর, সাতটার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান খালেদা জিয়া। ওই সময় তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জ ত্যাগ করেন। খালেদা জিয়া সেখান থেকে যান সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু' নেত্রীকেই গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায় নি। তবে তাদের দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বাগযুদ্ধ চলছেই। বিএনপি দলীয় এমপিরা সংসদ অধিবেশনেও যাচ্ছেন না। মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌ-বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা এ ইফতারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/১৯৪০ ঘ.