ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা হেফাজতে মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির যাবজ্জীবন সাজার প্রস্তাব রেখে সংসদে একটি বিল এনেছেন সাবের হোসেন চৌধুরী।
সম্প্রতি ক্রসফায়ারের নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে বেশ কয়েকজন অভিযুক্তের মৃত্যুর প্রেক্ষাপটে এ আওয়ামী লীগ সাংসদ বিলটি উত্থাপন করলেন।
বস্তিবাসীদের উচ্ছেদ প্রতিরোধে আরেকটি বিলও আনেন তিনি।
বৃহস্পতিবার উত্থাপিত বিল দুটি যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে।
সাবের চৌধুরীর বিল দুটি হলো-'নির্যাতন এবং হেফাজত মৃত্যু (নিবারণ) বিল ২০০৯' এবং 'সরকারী ভূমি হইতে বস্তিবাসীদের উচ্ছেদ প্রতিরোধ বিল ২০০৯'।
নিরাপত্তা হেফাজতে মৃত্যু নিয়ে আনা বিলের উদ্দেশ্য সম্পর্কে সংসদে সাবেরের লিখিত বক্তব্যে বলা হয়, "রাষ্ট্রের বিভিন্ন দপ্তর, বিশেষ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অধিকাংশ ক্ষেত্রেই জনগণের মৌলিক অধিকারের কথা ভুলে যান। ফলে ন্যায় বিচার নিশ্চিত করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না।"
তিনি আরও বলেন, "জনগণকে বিভিন্ন অজুহাতে সরকারের প্রশাসন যন্ত্রের মাধ্যমে এবং পুলিশ বাহিনীর মাধ্যমে নির্যাতন করা হয়। বিভিন্ন সময়ে আইনের হেফাজতে রেখে নিষ্ঠুর অমানবিক নির্যাতন করা হয়। এমনকি, নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনাও ঘটছে অহরহ।"
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেরের আনা বিলে নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা প্রমাণিত হলে দায়ী ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড এবং কমপক্ষে এক লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।
র্যাবের এক পরিসংখ্যানে বৃহস্পতিবার জানানো হয়, ২০০৪ সালের ২৬ মার্চ র্যাব গঠিত হওয়ার পর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন 'ক্রসফায়ারে' মারা গেছে।
মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়।
এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/আরএ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24