২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজনৈতিক হয়রানিমূলক' ৪৪৯টি মামলা প্রত্যাহার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার এ পর্যন্ত 'রাজনৈতিক হয়রানিমূলক' ৪৪৯টি মামলা পুরোপুরি প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক হয়রানিমূলক ৪৪৯টি মামলা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে বিএনপির এক নেতার মামলাও রয়েছে। আংশিক প্রত্যাহার করা হয়েছে ১৬টি মামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 07:59 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার এ পর্যন্ত 'রাজনৈতিক হয়রানিমূলক' ৪৪৯টি মামলা পুরোপুরি প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক হয়রানিমূলক ৪৪৯টি মামলা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে বিএনপির এক নেতার মামলাও রয়েছে। আংশিক প্রত্যাহার করা হয়েছে ১৬টি মামলা। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন একথা জানান। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে 'দরপত্র সন্ত্রাস' দমনে সাংসদদের সহযোগিতা চেয়েছেন তিনি। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সকাল ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলমান।" স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থাপিত জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সর্বাধিক মামলা প্রত্যাহার হয়েছে ঢাকা জেলায়, মোট ২৩০টি। এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিরোধী দলের একটি মামলা প্রত্যাহার করা হয়েছে। এটি ব্যারিস্টার মওদুদ সাহেবের।" তবে 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলার মোট সংখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানাতে পারেননি। ভোলা-৩ আসনের সাংসদ জসিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত অভিযানের পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাসব্যাপী ২টি বিশেষ অভিযান পরিচালনা করেছে। লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপি সাংসদ এ বি এম আশরাফ উদ্দিনের অনুপস্থিতিতে তার পক্ষে আওয়ামী লীগের মজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে সাহারা বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি সঠিক নয়। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।" রমজান, ঈদ-উল-ফিতর এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত বিশেষ ব্যবস্থার বিষয়ে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের জনবল বাড়ানোর পরিকল্পনা : নাটোর-১ আসনের সাংসদ মো. আবু তালহার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বর্তমান জনবল পর্যাপ্ত নয়। সে জন্য ২০০৯, ২০১০ ও ২০১১ সালে বিভিন্ন পর্যায়ে ৩২ হাজার ৩১টি পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে সরকারের। বিএনপি-জামায়াত সরকারের আমলে পুলিশকে দলীয়করণ করা হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে নির্দলীয় করতে বর্তমান সরকার কাজ করছে। যৌতুক বিরোধী আইন প্রসঙ্গে: চট্টগ্রাম-১১ আসনের সাংসদ সামসুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে সাহারা জানান, যৌতুক প্রতিরোধ আইন যথাযথ কার্যকর করার লক্ষ্যে যৌতুকবিরোধী জাতীয় কার্যক্রম পরিচালনা ও মনিটরিং বিষয়ক একটি কমিটি রয়েছে। সব মন্ত্রণালয় আইনটি বাস্তবায়নে আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে। স্যাটেলাইট ওয়াচ টাওয়ার চালু : নেত্রকোনা-১ আসনের সাংসদ মোশতাক আহমেদ রুহীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী সনাক্তকরণে স্যাটেলাইট ওয়াচ টাওয়ার ও নিয়ন্ত্রণ কক্ষ চালু করার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/এফএফ/এমআই/১৪১২ ঘ.