ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ মঙ্গলবার ৩৬টি মুলতবি প্রস্তাব নাকচ করেছেন।
এ সব প্রস্তাবের মধ্যে একটি আওয়ামী লীগের এবং একটি স্বতন্ত্র সাংসদের ছিল।
মুলতবি প্রস্তাব উত্থাপনকারী বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী, নাজিম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম সংসদে দিনের কর্মসূচি স্থগিত করে ওই সব বিষয়ে আলোচনার দাবি তোলেন।
টিপাইমুখ বাঁধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিরোধীদলীয় নেতা-কর্মীদের হয়রানি, তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহার না করা, খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উচ্ছেদ', বিভিন্ন দরপত্রে ছাত্রলীগের কর্মীদের তাণ্ডব, লোডশেডিং, ভেজাল ওষুধের মাধ্যমে শিশু মৃত্যু, ঢাকার যানজট নিরসন, সেচ ব্যবস্থাসহ নানা বিষয় নিয়ে প্রস্তাবগুলো তোলা হয়।
আওয়ামী লীগের ওমর ফারুক উত্তরাঞ্চলে সেচ সমস্যার নিয়ে মুলতবি প্রস্তাব দেন।
স্পিকার আবদুল হামিদ প্রস্তাবগুলো নাকচ করে বলেন, "সস্ত্রাস, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি সংক্রান্ত বিষয়গুলে বিদ্যমান আইনে নিরসন যোগ্য। অন্য কিছু বিষয়গুলো অনুমানযোগ্য ও সুস্পষ্ট নয় বলে এগুলো মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা যাচ্ছে না বলে আমি দুঃখিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/এমআই/১৪০০ ঘ.
bdnews24