২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জনগণের ভোটে নির্বাচিতদের সংসদের বাইরে থাকার অধিকার নেই'

জনগণের ভোট দিয়ে যাদের সংসদে পাঠিয়েছে তাদের সংসদের বাইরে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "সাধারণ মানুষ গণতান্ত্রিকভাবে রায় দিয়ে যাদের সংসদে পাঠিয়েছে তাদের সংসদের বাইরে থাকার কোনও অধিকার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 06:44 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনগণের ভোট দিয়ে যাদের সংসদে পাঠিয়েছে তাদের সংসদের বাইরে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "সাধারণ মানুষ গণতান্ত্রিকভাবে রায় দিয়ে যাদের সংসদে পাঠিয়েছে তাদের সংসদের বাইরে থাকার কোনও অধিকার নেই। সামনের সারিতে বিরোধী দলের যে কটা আসন পাওয়া উচিত তার চেয়ে তাদেরকে বেশি আসন দেওয়া হলেও তারা বিভিন্ন অজুহাতে সংসদ বর্জন করছেন।" শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে এক সুধী সমাবেশে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, "আমরা স্পিকারের মাধ্যমে বিরোধীদলকে সংসদে যোগ দেওয়ার আহবান জানিয়েই যাব।" কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া হচ্ছে এবং সারের পর্যাপ্ত মজুদ আছে দাবি করে মতিয়া বলেন, "এখন সার নিয়ে কৃষকদের আর আন্দোলন করতে হচ্ছে না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সার নিয়ে কৃষকদের আর হাহাকার করতে হয় না। অথচ জরুরি অবস্থার মধ্যে সার সংকট নিয়ে কৃষকদের সড়ক অবরোধ করতে হয়েছে।" দ্রব্যমূল্য বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, "এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ীর কারণে কিছু কিছু জিনিসের দাম বেড়েছে। তবে গত রমজানের চেয়ে এবার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে।" আলোচনার মাধ্যমেই টিপাইমুখ প্রকল্পের বিষয়টি সুরাহা করা হবে বলে জানান তিনি। মতিয়া বলেন, "হরতাল, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতিতে এ দেশের মানুষ আর সমর্থন দেবে না। ভিশন-২০২১ এর ভিত্তি রচনা করেই আমরা যেতে চাই।" সমাবেশে সাংসদ ফজলে হোসেন বাদশা, জিনাতুন নেসা তালুকদার, শাহরিয়ার আলম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম ঠাণ্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী, নাটোর, চাপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার কৃষি ও কৃষি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক সাইদ আলী, বরেন্দ্র বহুরুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম ঠাণ্ডু, সাংসদ ফজলে হোসেন বাদশা, জিনাতুন নেসা তালুকদার, শাহরিয়ার আলম ও জেলা প্রশাসক শেফাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮৩৫ ঘ.