ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার থেকে মঙ্গলবার অর্থাৎ ৬,৭ ও ৮ সেপ্টেম্বর দেশব্যাপী এই শোক পালন করা হবে ।
শোক কর্মসূচির তিনদিনই দলের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।
দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন দিনের কর্মসূচির মাধ্যমে বিএনপি শোক পালন করবে। ৬ ও ৭ সেপ্টেম্বর দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে দলের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। ৮ সেপ্টেম্বর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।''
এ শোক পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়েছে।
শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী সাইফুর রহমান (৭৭)।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মোট ১২ বার বাজেট উপস্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২২১৪ ঘ.
bdnews24