২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুরের কফিনের পাশে খালেদা

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মরদেহ শনিবার রাতে ঢাকায় পৌঁছার পর তার বাসভবনে ছুটে যান বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মরদেহ শনিবার রাতে ঢাকায় পৌঁছার পর তার বাসভবনে ছুটে যান বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানে সাইফুর রহমানের জালালাবাদ হাউজে যান। খালেদা জিয়া সেখানে পৌঁছালে এক বেদনাবিধুর পরিবেশ তৈরি হয়। তিনি বাসার ভেতরে রাখা সাইফুর রহমানের কফিনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের মেজ ও ছোট ছেলে, মেয়েদের সাত্ত্বনা দেন। তিনি তাদের সঙ্গে কথাও বলেন। এ সময়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক স্পীকার জমিরউদ্দিন সরকার, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ দলের কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদও সেখানে যান। এর আগে সাইফুর রহমানের বাসায় যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংসদ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী সাইফুর রহমান (৭৭)। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মোট ১২ বার বাজেট উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২১১৮ ঘ.