সাইফুর রহমান: হিসাব রক্ষক থেকে সর্বোচ্চ মেয়াদে অর্থমন্ত্রী
"আমি রাজনীতি বুঝতাম না। প্রেসিডেন্ট জিয়াই আমাকে রাজনীতিতে এনেছেন। মানুষকে ও দেশকে ভালবাসার পথ দেখিয়েছেন", সাধারণ একজন হিসাব রক্ষক থেকে দেশের অন্যতম নীতি নির্ধারক হিসেব আবির্ভূত হওয়া সাইফুর রহমান এভাবেই তার রাজনীতিতে যুক্ত হওয়ার কথা বর্ণনা করেছিলেন একদিন।
শনিবার মৃত্যু পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন সাইফুর। সবচেয়ে দীর্ঘ সময় দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে হারলেও জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে সাইফুরের ওপরই আস্থা রেখেছিলেন।
২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে খালেদা গ্রেপ্তারের পর সাইফুরের ভূমিকা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। কিন্তু সংসদ নির্বাচনে আবার তার ওপরই ভরসা রাখেন খালেদা; যদিও নির্বাচনে জয়ী হতে পারেননি তিনি।
জন্মস্থান মৌলভীবাজার থেকে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সাইফুর রহমানের। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
দুই মাস আগে গুলশানে নিজের বাড়িতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে আলোচনায় রাজনীতিতে যুক্ত হওয়াসহ কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সাইফুর রহমান।
তিনি বলেছিলেন, "আমি চার্টার্ড একাউন্টেন্সিতে পড়ালেখা করেছি। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। সিএমএল থেকে প্রেসিডেন্ট হওয়ার সময়ে একদিন তিনি আমাকে বলেন, আমার সঙ্গে কাজ করতে রেডি থাকুন। কোনও 'না' শুনতে চাই না।"
১৯৭৫ এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় প্রথমে সেনাপ্রধান ও পরে সামরিক শাসন জারি করে রাষ্ট্র ক্ষমতায় বসেন জিয়াউর রহমান। তার পৃষ্ঠপোষকতায় জাগদল গঠনে উদ্যোক্তার ভূমিকা পালন করেন সাইফুর রহমান। ১৯৭৮ সালের জুন মাসে জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী ফ্রন্টের ব্যানারে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন, সেই ফ্রন্টেরও সদস্য ছিলেন তিনি।
জাগদল বিলুপ্ত করে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপির জন্ম। সে দলেরও প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন সাইফুর। কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয় তাকে।
জিয়ার মৃত্যুর পর এইচ এম এরশাদ সামরিক শাসন জারি করে অনেক রাজনীতিকের সঙ্গে সাইফুরকেও গ্রেপ্তার করা হয়।
খালেদা বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব নিয়ে সাইফুরকে দলের স্থায়ী কমিটির সদস্য করেন।
সাইফুর বলেছিলেন, "জিয়া সামরিক শাসন থেকে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলে আমি তার সঙ্গে যুক্ত হই। জিয়ার মতো মানুষ আমি দেখিনি। তার সততা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।"
বাংলাদেশের প্রথম সামরিক শাসক জিয়ার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন সাইফুর। ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। পরে তাকে অর্থমন্ত্রী করা হয়।
সাইফুর রহমানকে অর্থমন্ত্রী করার বিষয়ে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাকে (সাইফুর) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে মনিটরিং ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, তাতে জিয়া খুশি হয়েছিলেন। সে জন্য পরবর্তীতে ১৯৮০ সালে তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ড. এম এন হুদাকে সরিয়ে।"
অর্থমন্ত্রী হিসেবে দেশে সবচেয়ে বেশি মোট ১২ বার জাতীয় বাজেট দিয়েছেন সাইফুর।
সাইফুর বলেছিলেন, "আমি দীর্ঘ সময়ে অর্থমন্ত্রী ছিলাম। আমার সঙ্গে অনেকেই বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা-বাদশা হয়েছেন। এ বয়সে এসে আমার ভালোই লাগে বন্ধুদের দেখে।"
কথা প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সখ্যের কথাও তুলে ধরেছিলেন সাইফুর।
সমকালীন রাজনীতির প্রেক্ষাপটে তিনি বলেছিলেন, "বাংলাদেশে রাজনৈতিক হানাহানি না থাকলে, ঐক্য ও সমঝোতার রাজনীতি চালু থাকলে এ দেশটি এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ভিয়েতনামের মতো উন্নয়নশীল দেশে পরিণত হতো। এখনও আমরা প্রতিহিংসার রাজনীতি করছি। এটা কবে শেষ হবে জানি না।"
সাইফুর রহমান সম্পর্কে আবুল হাসনাত বলেন, "একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সফল। বাংলাদেশের অর্থ ব্যবস্থা ও অর্থনৈতিক সংস্কারের তিনি ছিলেন একমাত্র সফল ব্যক্তি। একসঙ্গে অনেক কাজ করতে পারতেন তিনি। প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় দক্ষতা ছিল বলেই জিয়া তাকে শাসন ক্ষমতার সঙ্গে যুক্ত করেছিলেন।"
১৯৯১-৯৬ মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার সময় সাইফুর রহমান দেশে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আদায় পদ্ধতি চালু করেছিলেন।
সাইফুর রহমান পাকিস্তান পে কমিশনেরও সদস্য ছিলেন। ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধের সময় তার ভূমিকা স্বচ্ছ ছিল না।
সাইফুর রহমান মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে গত সংসদ নির্বাচনে দুটি আসনে প্রার্থী দুটিতেই পরাজিত হন তিনি।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার গ্রেপ্তারের কিছু দিন আগে থেকেই বিএনপিতে 'সংস্কারপন্থী' বলে একটি ধারা সুস্পষ্ট হতে থাকে।
২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তারের আগ মুহূর্তে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও যুগ্মমহাসচিব আশরাফ হোসেনকে বহিষ্কার করেন খালেদা। মহাসচিব নিয়োগ করেন খোন্দকার দেলোয়ার হোসেনকে।
এর দুই মাসের মাথায় সাইফুর রহমানের বাড়িতে দলের স্থায়ী কমিটির বিতর্কিত একটি বৈঠক বসে। তাতে মান্নান ভূঁইয়ার বহিষ্কার প্রস্তাব অনুমোদন না করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হাফিজউদ্দিনকে অস্থায়ী মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন গ্যাটকো, বড়পুকুরিয়া খনি ও নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাশাপাশি সাইফুর রহমানকেও আসামি করে।
এরপর সাইফুর 'সংস্কারপন্থীদের' এড়িয়ে রাজনীতি থেকে দূরত্ব রেখেই চলতে থাকেন। তবে খালেদা মুক্তির পর ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে সিলেট ও মৌলভীবাজারের দুটি আসনে মনোনয়ন দেওয়া হয় সাইফুরকে।
সাইফুর তখন বলেছিলেন, তার অনিচ্ছা সত্ত্বেও খালেদা জিয়ার অনুরোধেই প্রার্থী হয়েছেন তিনি।
সাইফুর নিজের পর বড় ছেলে নাসের রহমানকেও রাজনীতিতে এনেছেন। নিজের ছেড়ে দেওয়া আসন থেকে সাংসদও করেছেন ছেলেকে। তবে ছেলের বিভিন্ন বিভিন্ন বিতর্কিত তৎপরতায় সায় দিয়ে সাইফুরও সমালোচিত হন।
নাসের ছাড়াও সাইফুরের আরও দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী কয়েক বছর আগে মারা যান।
১৯৩২ সালের মার্চে মৌলভীবাজার সদরের বাহারমর্দন গ্রামে জন্ম নেওয়া সাইফুর ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
