২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুরের মৃত্যুতে খালেদার শোক

দলীয় নেতা ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আকস্মিক মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতা ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আকস্মিক মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় বিরোধীদলীয় নেত্রী বলেন, "তার মৃত্যুতে জাতি একজন প্রজ্ঞাবান রাজনীতিককে হারিয়েছে। এই মৃত্যুতে বিএনপির এক অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতীয় রাজনীতিতেও সৃষ্টি হয়েছে এক বিশাল শূন্যতা যা সহজে পূরণ হওয়ার নয়।" তিনি সাইফুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় খালেদা জিয়া সাবেক অর্থমন্ত্রীর কর্মজীবনের কথা উল্লেখ করে বলেন, "তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ট সহচর হিসেবে বিএনপি প্রতিষ্ঠা এবং পরবর্তীতে দলের সাংগঠনিক প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। "এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে তার অসামান্য অবদান রয়েছে। দেশের বিপর্যস্ত অর্থনীতিতে গতি সঞ্চার করে তাকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর ক্ষেত্রে তার অবদান অপরিসীম।" দীর্ঘদিন একত্রে কাজ করার কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, "সরকার পরিচালনায় একজন সৎ ও দক্ষ সহকর্মী হিসেবে তিনি আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। একজন প্রজ্ঞাবান অর্থনীতিবিদ হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন।" বিশিষ্টজনদের শোক প্রকাশ স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত, মির্জা আব্বাস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ,গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কাশেম, মুসলিম লীগ সভাপতি জি এ খান, নির্বাহী সভাপতি এ এইচ এম কামারুজ্জামান, মহাসচিব আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী তারানা হালিম প্রমুখ সাইফুর রহমানের মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে শনিবার দুপুরে এক দুর্ঘটনায় মারা যান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান (৭৭)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/১৮৪৭ঘ.