ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সাইফুরের মৃত্যুতে সিলেট এক গৌরবের সন্তান হারিয়েছে বলেও মন্তব্য করেন তার সহপাঠী ও বন্ধু মুহিত।
শনিবার দুপুরে দুর্ঘটনায় সাইফুর রহমানের আকস্মিক মৃত্যুর পর বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "সাইফুর রহমান আমার বন্ধু ছিলেন। আমরা একসঙ্গে পড়াশুনা করেছি।
"তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। সিলেট হারালো তার এক গৌরবের সন্তানকে।"
সাইফুর রহমানকে বিএনপির একজন ত্যাগী নেতা হিসেবে অভিহিত করে মুহিত বলেন, "তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমী নেতাকে হারালো।"
তিনি বলেন, "রাজনৈতিক দৃষ্টিভঙ্গী থেকে আমরা যতই সমালোচনা করি না কেন, তিনি (সাইফুর) সবচেয়ে বেশি বার (১২বার) বাজেট দিয়েছেন। দেশের অর্থনীতিতে অবদানের জন্য জাতি তাকে স্মরণ করবে।"
তিনি সাইফুর রহমানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
বিএনপি নেতা এম সাইফুর রহমান শনিবার ব্রাহ্মলবাড়িয়ায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এসএইচ/১৮৪৪ ঘ.
bdnews24