ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ রাজনীতিক সাইফুর রহমানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।
মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে শনিবার দুপুরে এক দুর্ঘটনায় মারা যান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যের মৃত্যুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। তিনি তার শনিবারের সব কর্মসূচি স্থগিত করেছেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার, শুভান্যুধায়ী ও গুণগ্রাহীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফও এক বার্তায় শোক প্রকাশ করেছেন।
আলাদা বিবৃতিতে শিক্ষক- কর্মচারী ঐক্যজোট ও আমরা বাংলাদেশী'র নেতারাও শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সাইফুর রহমানের মৃত্যুর খবরে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষে শোক প্রকাশ করেছেন সাবেক হুইপ ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক আছপিয়া, সাবেক সাংসদ নাসির উদ্দিন চৌধুরী, কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসএইচ/১৮৩৭ ঘ.
bdnews24