২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে দিনভর দু'পক্ষের সংঘর্ষ

রাজশাহীর দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার দিনভর দু'পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সাবেক সাংসদ নাদিম মোস্তফা সমর্থকদের বাদ দিয়ে তার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম দলের কমিটি করতে গেলে এ সংঘর্ষ বাধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

রাজশাহী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার দিনভর দু'পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সাবেক সাংসদ নাদিম মোস্তফা সমর্থকদের বাদ দিয়ে তার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম দলের কমিটি করতে গেলে এ সংঘর্ষ বাধে। পরে নাদিমের সমর্থকদের বাদ দিয়ে সীমিত কাউন্সিল করে কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক নাদিম মোস্তাফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়মবর্হিভূতভাবে কমিটি গঠনের আয়োজন করায় দূর্গাপুরবাসী তা মেনে না নেওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।" নজরুল ইসলাম বলেন, "কমিটি গঠনে কোন অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি। কিন্তু তারপরও নাদিম মোস্তফার কিছু উশৃঙ্খল লোকজন এসে আমাদেরকে বাঁধা দেয়ার চেষ্টা করে।" বিএনপির নেতা-কর্মীরা জানান, কাউন্সিলের প্রস্তুতি চলার সময় ১১ টার দিকে নাদিম মোস্তফার সমর্থকরা মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে এসে মঞ্চ ভাংচুর ও ইটপাটকেল ছোঁড়ে। পরে তারা পৌর মেয়র সাইদুর রহমান মন্টুর বাড়িতেও হামলা চালায়। এর পরপরই নজরুল সমর্থকরা মিছিল করে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আশরাফুল কবির বুলুর কার্যালয় ভাংচুর করে। চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ আসছেন এমন খবরে নাদিম মোস্তফার সমর্থকরা দূর্গাপুর ডাকবাংলোর সামনে সড়ক অবরোধ করে। পরে দু'পক্ষের মধ্যে বেশ কয়েদফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। নজরুলের সমর্থকরা প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টারকে পিটিয়ে আহত করে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ পর্যন্ত পুলিশ পাহারায় মাদ্রাসা মাঠে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সভা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০০৩৭