মৌলভীবাজার, ০৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাইফেলস স্কোয়ার থেকে বুধবার রাতে মৌলভীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক জাকির হোসেন উজ্জ্বলের (৩০) বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ আটটি মামলা রয়েছে বলে র্যাব কর্মকর্তারা জানান।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেেক বলেন, বুধবার সকাল সোয়া ১০টার দিকে উজ্জ্বল মৌলভীবাজার শহর থেকে মাইক্রোবাসে ঢাকা আসেন। এ সময় র্যাবের একটি দল তার গাড়িকে অনুসরণ করে ঢাকা আসে। রাতে রাইফেলস স্কোয়ার থেকে তাকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, বুধবার রাতেই উজ্জ্বলকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পে নিয়ে আসেন তারা। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হয়।
তিনি বলেন, উজ্জ্বল মৌলভীবাজার জেলার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে। ২০০৩ সালে শিবির কর্মী আলমাছ হত্যা মামলার প্রধান আসামি তিনি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর তিনি আত্মগোপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৯ ঘ.
bdnews24