ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নড়াইল-১ আসনের সাংসদ মো. কবিরুল হকের সদস্যপদ কেন বাতিল করা হবে না' জানতে চেয়ে এবার কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপ-সচিব একেএম সলিমউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান ।
এর আগে সোমবার ঝিনাইদহ-৩ আসনের সরকারদলীয় সাংসদ শফিকুল আজম খানের সংসদ সদস্য পদ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে নোটিশ দেয় নির্বাচন কমিশন ।
সলিমউল্লাহ বলেন, "১০দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার সকালে ওই সাংসদ বরাবর ডাকযোগে নোটিশ পাঠানো হয়েছে।"
তিনি জানান, নোটিশে বলা হয়েছে, কবিরুল নড়াইল জেলার কালিয়া পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ না করে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ-সদস্য নির্বাচিত হলেও আইনানুযায়ী তিনি সংসদ সদস্য থাকার যোগ্য নন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী কবিরুল আওয়ামী লীগে যোগ দেন।
গত ২৭ আগস্ট নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইসি গণপ্রতিনিধিত্ব আদেশ-এর বিধি লঙ্ঘন করায় নির্দিষ্ট একজনকে শুধু নয়, সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।"
কবিরুলকে দেওয়া নোটিশে বলা হয়েছে, 'ইসি সিদ্ধান্ত এবং মাননীয় হাইকোর্ট বিভাগের রায়ে উল্লিখিত আলোচনার আলোকে কেন নির্বাচনী এলাকা ৯৩ নড়াইল-১ হইতে নির্বাচিত সংসদ-সদস্য হিসাবে আপনি জনাব মো. কবিরুল হক-কে অযোগ্য ঘোষণা করিয়া গেজেট প্রকাশ করা হইবে না এই মর্মে অত্র নোটিশ প্রাপ্তির ১০ (দশ) দিনের মধ্যে কারণ দর্শাইবার জন্য আপনাকে অনুরোধ করা হইল।'
একেএম সলিমউল্লাহ জানান, জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম নাসরিন জাহান রতনা (পৌর মেয়র)-এর বিষয়ে মামলা থাকায় এখনও তাকে নোটিশ দেয়া হয় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/১৯০৫ ঘ.
bdnews24