ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১-তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার। দিবসটি পালনে দলটি সোমবার থেকে দু'দিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার ভোরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ ও সকাল ১১ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।
এই দু'টি কর্মসূচিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেবেন।
এর আগে সোমবার দুপুরে মহানগর নাট্য মঞ্চে বিএনপির উদ্যোগে 'গণতন্ত্র উত্তরণ এবং স্বনির্ভর জাতীয় অর্থনীতি বিনির্মাণে বিএনপি' শীর্ষক এক আলোচনা সভা হয়।
গত বছর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়া বিশেষ কারাগারে বন্দি ছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।
১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনের ধারাবাহিকতায় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসা সাবেক সেনাশাসক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন এ দলের প্রথম চেয়ারম্যান।
এর আগে ১৯৭৮ সালের ফেব্র"য়ারি মাসে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়। জাগদল বিলুপ্ত করে তা জাতীয়তাবাদী দলে একীভূত করা হয়েছিল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন পৃথক বিবৃতিতে সারা দেশের নেতা-কর্মী ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
খালেদা জিয়া তার বাণীতে বলেন, বাংলাদেশ আজ নানামুখী ষড়যন্ত্রের শিকার। স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপর্যস্ত করে আমাদের একটি পদানত জাতিতে পরিণত করার হীন ষড়যন্ত্র আজ স্পষ্ট।
তিনি বলেন, দেশি-বিদেশি এসব ষড়যন্ত্রের হাত থেকে রক্তে কেনা স্বাধীনতা, গণতন্ত্র এবং মাতৃভূমির অখন্ডতা রক্ষায় জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা-কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গণতন্ত্রকে কুক্ষিগত করার নীল নকশা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে মন্তব্য করে তাকে প্রতিহত করারও আহ্বান জানান খালেদা জিয়া।
তিনি আরও বলেন, এক ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক অগ্রগতি ও স্বনির্ভরতা অর্জনের আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ করাই ছিলো তার লক্ষ্য।
খোন্দকার দেলোয়ার তার বাণীতে বলেন, যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন, তার সফল বাস্তবায়নে আমাদের সবাইকে দৃঢ়তার সঙ্গে কাজ করে যেতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এসএইচ/০০২০
bdnews24