২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশেই বিচারকদের অবসরে পাঠানো হয়েছিল: এইচ টি ইমাম

দুই বিচারককে প্রধানমন্ত্রীর নির্দেশেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। শুক্রবার হেয়ার রোডের বাসভবনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বিচারককে প্রধানমন্ত্রীর নির্দেশেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। শুক্রবার হেয়ার রোডের বাসভবনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। দুই বিচারককে অবসরে পাঠানোর বিষয়ে সংসদীয় কমিটির সমন পেয়ে জবাবদিহি করতে যাবেন কিনা সে বিষয়ে এখনো তিনি কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান এইচ টি ইমাম। তিনি বলেন, এ ব্যাপারে তাকে আগে সংসদীয় কমিটির কার্যপরিধি পড়ে দেখতে হবে। এইচ টি ইমাম বলেন, যে ঘটনা নিয়ে তা হয়েছে, সেটা আপনারা জানেন। সচিবালয়ে ওই ঘটনার পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইন মন্ত্রীকে নির্দেশ দেন। উপদেষ্টা আরো বলেন, পরে বিচারক দু'জন ওই ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার পরেই তাদের পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটি সুপ্রিম কোর্টের সম্মতি ছাড়া দুই বিচারককে অবসর পাঠানোর বিষয়ে ব্যাখ্যা জানতে এইচ টি ইমাম, আইন সচিব ও সংস্থাপন সচিবকে তলবের সিদ্ধান্ত নেয়। গত ৩০ জুলাই সরকারের এক আদেশে জনপ্রশাসনে 'সদাচরণ এবং শৃংঙ্খলা বজায় রাখতে' ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহানকে অবসরে পাঠানো হয়। তারা দুজন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব। আইন মন্ত্রণালয়কে বিভক্ত করার প্রস্তাবিত প্রক্রিয়ায় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনকে যুক্ত না করার প্রতিবাদে ২৭ জুলাই সচিবালয়ে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এ নিয়ে সমালোচনার মুখে কয়েকদিন পরই সরকারের সে আদেশ প্রত্যাহার করা হয়। সংসদীয় কমিটিতে তলবের বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন,''সংসদীয় কমিটির কার্যপরিধি পড়ে তবেই আমি যাবো কি যাবো না- সে বিষয়ে সিদ্ধান্ত নেব।'' এইচ টি ইমাম বলেন, তার ধারণা তলবের বিষয়ে সংসদীয় কমিটির দুই একজন সদস্যের 'উস্কানি' রয়েছে। কমিটি ও তার দলের দুই একজন নেতার কথা-বার্তা মাঝে-মধ্যে একটু অসংযত হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। সরকারি উদ্যোগটির পেছনে ১৯৭৪ সালের সংশ্লিষ্ট আইনের সমর্থন ছিল দাবি করে এইচটি ইমাম বলেন, ওই আইনটি এখনও বাতিল করা হয়নি বলে কাজটি সংবিধানসম্মত হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির বৃহস্পতিবারের সভার পর সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাাংবাদিকদের বলেন, আইনমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রীর অগোচরেই বিচারকদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। তিনি আরো বলেন, "উপদেষ্টা (ইমাম) নিজে ফাইল তৈরি করেন। এতে আইন ও সংস্থাপন সচিব সম্পৃক্ত ছিলেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএম/এসকে/২২৩৮ঘ.