২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ৬ ও ৭ সেপ্টেম্বর বিক্ষোভ করবে বিএনপি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ৬ ও ৭ সেপ্টেম্বর বিক্ষোভ করবে বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করেন। ৬ সেপ্টেম্বর ঢাকাসহ ৬টি বিভাগীয় সদরে এবং ৭ সেপ্টেম্বর সব জেলা সদরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ৬ ও ৭ সেপ্টেম্বর বিক্ষোভ করবে বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করেন। ৬ সেপ্টেম্বর ঢাকাসহ ৬টি বিভাগীয় সদরে এবং ৭ সেপ্টেম্বর সব জেলা সদরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে খোন্দকার দেলোয়ার বলেন, "সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। "তারা বলেছিল, রোজার মাসে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা নেবে। রোজার তিন দিনে দ্রব্যমূল্য আরও বেড়ে গেছে।" প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও ব্যর্থ হচ্ছে সরকার। দেলোয়ার বলেন, "কেবল দ্রব্যমূল্য নয়, সরকারের নিজের দলের (আওয়ামী লীগ) লোকেরা সন্ত্রাস করছে, হত্যা করছে, হল দখল করছে, টেন্ডারবাজি করছে প্রকাশ্যে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।" সরকারের ব্যর্থতার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হয়েছে বলে বিএনপি মহাসচিব দাবি করেন। প্রধান বিরোধী দল বিএনপি ইতোমধ্যে খালেদা জিয়ার কারামুক্তি দিবস ১১ সেপ্টেম্বর ও তারেক রহমানের জামিনে মুক্তি দিবসটি পালনে ৩, ১০ ও ১১ সেপ্টেম্বর তিনদিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া ও তারেক গ্রেপ্তার হন এবং পরে মুক্তি পান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব, ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫২৫ ঘ.