ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে বিদেশ যেতে ও ফিরে আসতে অনুমতি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি তাকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপি নেতা মোরশেদ খানের রিট আবেদনে বিচারপতি তারিক উল হাকিম ও বোরহান উদ্দিনের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
মোরশেদ খান রোববার রাতে সিঙ্গাপুরে তার অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে জিয়া বিমানবন্দরে গেলে সেখানে তাকে ইমিগ্রেশন পুলিশ আটকে দেয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
আবেদনটির ওপর শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24