ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলে ছাত্রলীগের দু' গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।
এসময় উভয় পক্ষের কর্মীরা হলের অন্তত ১০টি কক্ষ ভাঙচুর করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হলের প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী এনায়েত সমর্থক কর্মী শরীফকে মারধর করে সভাপতি আব্দুর রহমান জীবনের সমর্থকরা। এ ঘটনা নিয়ে হলে উত্তেজনা ছড়িয়ে পরে। সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকরা হলের দু' ব্লকে অবস্থান নেয়।
এরপর দু' গ্রুপের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা চালায় এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। প্রায় ৪০ মিনিট এ সংঘর্ষ চলে। সংঘর্ষের পর ১২ ছাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার সময় দু' পক্ষের কর্মীরা হলের অন্তত ১০টি কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করে।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের দু' গ্রুপের কর্মীরা মারামারি করেছে। দোষীদের চিহ্নিত করতে হল কর্তৃপক্ষ হলের আবাসিক শিক্ষক ড. নাসিরউদ্দীন মুন্সীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
রাত সোয়া ১০টায় তিনি জানান, হলে তল্লাশি চালাচ্ছে শাহবাগ থানা পুলিশ। হলের বিভিন্ন কক্ষে লাঠি-সোঁটা থাকতে পারে। সেগুলো উদ্ধারের জন্য এ তল্লাশি চালানো হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩০৬ঘ.
bdnews24