ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত হয়ে প্রাণ হারানো আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সোমবার।
বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমান ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ ওই গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন। এ সময় তার দু'পা উড়ে যায়।
ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার দু'দিন পর ২৪ আগস্ট মারা যান তিনি। ওই ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত ও কয়েকশ' আহত হয়।
পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বনানী কবরস্থানে আইভী রহমানের কবরে ফুল দিয়ে তাকে স্মরণ করেন তার রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। পরে কবর প্রাঙ্গণে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল হয়।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান এদিন স্ত্রীর কবর জিয়ারত করেন।
বেলা ১১টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ আইভি রহমানের কবরে ফুল দেন।
পরে মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন তার কবরে পুস্পস্তবক অর্পণ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য আইভী রহমানের জন্ম ১৯৪৪ সালের ৭ জুলাই। তার বাবা জালালউদ্দিন আহমেদ ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/২২২২ঘ.
bdnews24