ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় দুই আসামির জামিন বাতিলে রোববার আদালতে আবেদন করেছে রাষ্ট্র পক্ষ।
মামলা দুটির তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাধ্যমে এ আবেদন করেন।
গত ১২ আগস্ট ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন হত্যা ও বিস্ফোরকের দুই মামলায় অভিযুক্ত আরিফ হাসান সুমন এবং মুন্সী মহিবুল্লাহকে জামিন দেন।
পরে মামলা দুটির আদালত স্থানান্তর হয়।
জামিন বাতিলের আবেদনে বলা হয়, এ দুই আসামির জামিন বাতিল না হলে তারা মামলার সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারে, সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিতে পারে এবং গ্রেনেড হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন বিপন্ন করে তুললে পারে।
সুমনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলে আবেদনে জানানো হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ২১ আগস্টের ঘটনায় হত্যা মামলাটি দ্বিতীয় মহানগর দায়রা জজ আদালত এবং বিস্ফোরক মামলাটি প্রথম মহানগর বিশেষ আদালতে বিচারাধীন। দুই আসামির জামিন বাতিলে দুই আদালতে আবেদন দাখিল করা হয়েছে।
বিস্ফোরক মামলায় বিচারক এ এন এম বশির উল্লাহ সোমবার জামিন বাতিলের আবেদনের শুনানির তারিখ ধার্য করেছেন।
হত্যা মামলায় একই আবেদনের শুনানির তারিখ ৩০ আগস্ট ধার্য করেছেন ওই আদালতের বিচারক ফজিলা বেগম।
রাষ্ট্রপক্ষের আবেদনে দুই মামলায় বর্তমানে অধিকতর তদন্ত চলছে।
গত ৩ আগস্ট তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দুইটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। পুলিশের মহা পরিদর্শককে (আইজি) অধিকতর তদন্ত শেষে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও আদেশ দেন বিচারক।
নির্ধারিত বিচারের সময়সীমা ১৩৫ কার্যদিবস পার হয়ে যাবে বলে গত ১৬ আগস্ট বিচারক মাসদার হোসেন এই দুই মামলা আগের বিচারিক আদালতে বদলির আদেশ দেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি।
ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে।
ওই ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত বছরের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩০৮ ঘ.
bdnews24