ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
চাঁদাবাজি-ছিনতাই বন্ধ করে ব্যবসা-বাণিজ্য এবং জনজীবনের স্বস্তি ও নিরাপত্তা বিধানের দাবিও জানান তিনি।
শনিবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন সরকারের প্রতি এসব দাবি জানান।
রমজান উপলক্ষে তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
খালেদা বলেন, "আমার দাবি সস্তায় জিনিসপত্র সরবারহ করতে না পারলেও ভোগ্যপণ্যের দাম অন্তত আমাদের সময়কার পর্যায়ে নামিয়ে এনে বাজার স্থিতিশীল রাখুন। রোজাদারদের কষ্ট লাঘবে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবারহ নিশ্চিত করুন।"
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, "এটি সরকারের ব্যর্থতা।"
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে বলেও দাবি করেন খালেদা।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, "আইনশৃঙ্খলা অবনতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে।"
মহাজোট সরকারের নির্বাচনী ওয়াদার কথা উল্লেখ করে বিরোধী দলের নেতা বলেন, "তাদের প্রধান একটি নির্বাচনী ওয়াদা ছিল- সস্তায় জিনিসপত্র সরবারহের ব্যবস্থা করবে। অথচ গত আট মাসে সরকার এ অঙ্গীকার পূরণে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/২১০০ ঘ.
bdnews24