পাবনা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চরমপন্থী সংগঠনগুলোকে হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি পরিহার করে মূলধারার রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেন, "হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে কোনো দিন রাজনৈতিক পরিবর্তন সম্ভব না।"
শুক্রবার পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "চরমপন্থীদের হাতে যত মানুষ খুন হয়েছে, যত মায়ের বুক খালি হয়েছে, তাদের বুকফাটা আক্ষেপ কোনো দিনই সুফল বয়ে আনবে না।"
জনসভা শেষে সাংবাদিকরা চরমপন্থীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে কি না জানতে চাইলে শামসুল হক বলেন, "সময়ই সব কিছু বলে দেবে।"
ধোপাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, সেলিমা পারভীন শেলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24