২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্টের শহীদ বেদীতে ফুল দিলেন হাসিনা

রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শুক্রবার বিকালে ফুল দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 12:07 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শুক্রবার বিকালে ফুল দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ প্রধানের শ্রদ্ধা জানানোর সময় দলের নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে দুই মিনিট নীরবতা পালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হন। সেদিন শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পরপরই গ্রেনেড হামলা হয়। তাকে হত্যাই যে ওই হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তীতে গ্রেপ্তারকৃত জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে। বিস্ফোরণের শব্দে শেখ হাসিনার কান ক্ষতিগ্রস্ত হয়। এজন্য তাকে চিকিৎসা নিতে হচ্ছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রী হাসিনা বঙ্গবন্ধু এভিনিউতে অস্থায়ী শহীদ বেদীতে আসেন। তিনি বেদীতে ফুল দেওয়ার পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ কর্মসূচির পরপরই প্রধানমন্ত্রী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সভায় শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এতে সভাপতিত্ব করবেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এমআই/১৮২০ ঘ.