আল ইমরান শোভন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁদপুর, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় অনেকের সঙ্গে নিহত চাঁদপুরের আব্দুল কুদ্দুস এবং আতিকুল ইসলাম।
ওই হত্যাকাণ্ডের বিচার এখনও না হওয়ায় ক্ষোভ রয়েছে পরিবার দুটিতে। এর মধ্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কুদ্দুসের মৃত্যুও এই দিনে হাইমচর উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিলেও উপেক্ষিত থেকে গেছেন মতলবের আওয়ামী লীগ কর্মী আতিক।
হাইমচর উপজেলা সদরের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা কুদ্দুসের বৃদ্ধা মা আমেনা বেগম জীবদ্দশায় ছেলে হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি দেখে যেতে চান।
কুদ্দুস ঢাকা যাবার সময় মাকে বলেছিল- আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ঢাকায় বাড়ি করে তবেই সে বিয়ে করবে। কিন্তু এখন আওয়ামী লীগ ক্ষমতায় এলেও কুদ্দুস নেই।
আমেনা বেগম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুদ্দুস শেখ হাসিনার জন্য জীবন দিয়েছে। এজন্য আমরা গর্বিত।"
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী জানান, কুদ্দুসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, শোক শোভাযাত্রা, কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা হবে।
কুদ্দুসের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি থাকলেও সামান্য মিলাদও হচ্ছে না উত্তর মতলবের আতিকের স্মরণে।
আতিকের স্ত্রী লাইলী বেগম তার ৪ সন্তানের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সরকারের আর্থিক সহায়তা চেয়েছেন।
আতিকের বাড়ি মতলব উত্তর উপজেলার ৭ নং মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর পাঁচআনি গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনকারী আতিক মারা যাওয়ার পর ওই পরিবারে দুর্দশা চরমে উঠেছে।
লাইলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আতিক মারা যাওয়ার পর গত ৫ বছরে আওয়ামী লীগের কোনও পর্যায়ের নেতাই আমাদের বাড়িতে আসেনি। কোনও খোঁজ-খবরও নেয়নি। অর্থাভাবে মিলাদও করতে পারছি না।"
তিনি জানান, শেখ হাসিনার দেওয়া ১ লাখ টাকার সুদ বাবদ প্রতিমাসে যে ২ হাজার টাকা পান তা দিয়ে কোনও মতে সংসার চালান।
পাশাপাশি মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করছেন লাইলী।
আতিকের পরিবারের প্রতি অবহেলার বিষয়টি স্বীকার করে নিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন।
তিনি বলেন, "এটা আমাদের ব্যর্থতা। ওই পরিবারের দুর্দশার জন্য নিজেদের দায়ী মনে করছি।"
তবে আতিকের পরিবারকে আর্থিকভাবে সহায়তার বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৩৮ ঘ.
bdnews24