২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের তৃতীয় অধিবেশনেও না যাওয়ার ইঙ্গিত বিএনপির

নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনেও না যাওয়ার ইঙ্গিত দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আগামী ৭ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হচ্ছে। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার বলেছেন, সংসদে তাদের যাওয়ার পরিবেশ সৃষ্টিতে সরকার ব্যর্থ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 07:55 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনেও না যাওয়ার ইঙ্গিত দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আগামী ৭ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হচ্ছে। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার বলেছেন, সংসদে তাদের যাওয়ার পরিবেশ সৃষ্টিতে সরকার ব্যর্থ হয়েছে। সংসদের সামনের সারিতে আসন বণ্টন নিয়ে বিএনপি প্রথম অধিবেশনই সংসদ বর্জন করে। দ্বিতীয় অধিবেশনও তারা যোগ দেয়নি। বিএনপি মহাসচিব ২১ আগস্ট আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা মামলার সুষ্ঠু বিচারও দাবি করেছেন। দেলোয়ার বলেন, "সংসদের যাওয়ার পরিবেশই সরকার সৃষ্টি করেনি। তাদের মামলা প্রত্যাহার করা হচ্ছে। আর বিরোধী দলের মামলাগুলো রেখে দেওয়া হয়েছে। এরকম পরিবেশ হলে কিভাবে সংসদে যাব। আসলে সরকারি দল চায় না বিরোধী দল সংসদে আসুক।" বিএনপি-জামায়াত জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলের বিভিন্ন 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রত্যাহার করছে। এ সংক্রান্ত কমিটি আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার সুপারিশ করলেও এখন পর্যন্ত বিএনপির কারও মামলা প্রত্যাহারের সুপারিশ করেনি। সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী ছাত্রদলের মহানগর (উত্তর ও দক্ষিণ) শাখার নতুন আহবায়ক কমিটির নেতাদের নিয়ে ফুল দেন খোন্দকার দেলোয়ার। সেখানে সমবেত সহস্রাধিক নেতা-কর্মী ফুল দেওয়ার পর মোনাজাতও করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, তারা ২১ আগস্টে গ্রেনেড হামলাসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি বলেন, "আমরা ২১ আগস্টসহ সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে। আমাদের সরকারের সময়ে ২১ আগস্টে ঘটনার তদন্ত হয়েছে। সে তদন্ত এ সরকারের পছন্দ হয়নি। তাই নতুন করে তদন্ত শুরু করেছে তারা। "আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচার করা হোক।" ২১ আগস্ট মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুও আসামি। সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, "আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। স্বাধীনতার পর থেকে ১৯৭৫ সালের ১৪ আগস্ট পর্যন্ত তাদের শাসনামলেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগ এবারও ক্ষমতায় এসে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও নির্যাতন করে দেশটাকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে।" ভারতে টিপাইমুখ বাঁধ প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারসহ বিভিন্ন বিষয়ে বর্তমান সরকারের অবস্থানের সমালোচনাও করেন তিনি। দেলোয়ার বলেন, "নীল নকশার নির্বাচনের মাধ্যমে যারা তাদের (আওয়ামী লীগ) ক্ষমতায় বসিয়েছে, তাদের স্বার্থ রক্ষায় সরকার ব্যস্ত রয়েছে। দেশের জনগণের স্বার্থ এ সরকার রক্ষা করছে না।" সরকারি দল চাঁদাবাজি ও সন্ত্রাস করছে বলে বিএনপি মহাসচিব অভিযোগ করেন। একইসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের কথা বলার অধিকারও খর্ব করা হচ্ছে। জিয়ার কবরে ফুল দেওয়ার সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন, যুব দলের সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রদল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, মহানগর উত্তরের আহবায়ক এএম জাহাঙ্গীর ও মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবুর রশীদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০০ ঘ.