ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুটি দুর্নীতির মামলায় সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহজাহান সিরাজকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. রইসউদ্দিনের বেঞ্চ বুধবার শাহজাহান সিরাজের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
হাইকোর্টের একই বেঞ্চ একটি চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ছয় মাসের আগাম জামিন দিয়েছে। রাজশাহীর বাগমারা থানায় তার বিরুদ্ধে এ চাঁদাবাজির মামলাটি দায়ের করা হয়েছিল।
অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির মামলায় শাহজাহান সিরাজকে ঢাকার একটি বিশেষ আদালত গত বছরের ২২ এপ্রিল ১৩ বছর কারাদন্ড দিয়েছিল। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
আয়কর ফাঁকির মামলায় ঢাকার আরেকটি বিশেষ আদালত ২০০৭ সালের ২৭ আগস্ট তাকে আট বছর কারাদন্ড দেয়। জাতীয় রাজস্ব বোর্ড তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিল।
গত ৩০ জুন শাহজাহান সিরাজ নিু আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
শাহজাহান সিরাজ ও দুলুর পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
সরকার পক্ষে জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/এইচএ/২২২৩ ঘ.
bdnews24