ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের কটাক্ষপূর্ণ মন্তব্যকে 'বাকশালী মনোভাব' বলে আখ্যায়িত করেছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
মঙ্গলবার বিকালে তার ধানমন্ডির বাসভবনে ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্সের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন কাদের বলেন, ''এটা তার (আইন প্রতিমন্ত্রী) বাকশালী মনোভাবের বহিঃপ্রকাশ।এ ধরনের বক্তব্য আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক আলামত।''
সকালে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের জবাবে তাকে 'কুলাঙ্গার' বলে কটাক্ষ করেন।
আইন প্রতিমন্ত্রীকে ইঙ্গিত করে অর্বাচীন বলেছিলেন সালাউদ্দিন কাদের। এর জবাবে বিএনপি সাংসদকে কুলাঙ্গার বলে আখ্যায়িত করেন কামরুল ইসলাম।
আওয়ামী লীগ নেতা কামরুল গত রোববার বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে সাকা চৌধুরীকে কাঠগড়ায় দাঁড় করানো হবে।
এর প্রতিক্রিয়ায় সালাউদ্দিন কাদের সোমবার বলেন, "নতুন নতুন অর্বাচীনরা আমাকে আদব শেখাতে চায়। তাদের বক্তব্যের জবাব আমি দিতে চাই না।"
এর পাল্টা জবাবে আইন প্রতিমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এ সব কুলাঙ্গার রাজনীতিকে নোংরা করার জন্য যথেষ্ট। বর্তমানে সুষ্ঠু রাজনীতির যে সুবাতাস বইছে , তা ধরে রাখতে সাকা চৌধুরীর মতো লোকদের রাজনীতি থেকে বের করে দেওয়া উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫০ ঘ.
bdnews24